রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব

শেষ হচ্ছে এক বছরের প্রতীক্ষা। শরতের শিশির ভেজা স্নিগ্ধতায় কাশফুলের নরম ছোঁয়া নিয়ে জগজ্জননী মা দুর্গা আসছেন। তাকে সাড়ম্বরে বরণ করে অর্ঘ নিবেদন করবেন ভক্তরা, মেতে উঠবেন উৎসবের আমেজে। শুক্তবার (১৬ অক্টোবর) বেলতলায় পূজার মাধ্যমে হবে দেবীর বোধন।
মহাষষ্ঠীতে দেবী প্রতিমায় চক্ষু দান ও প্রাণ প্রতিষ্ঠা দিয়ে শুরু হবে বাঙ্গালীর প্রাণের সর্বজনীন এ উৎসব। ঢাকের বাদ্য, কাশর ঘণ্টা, শাঁখ, উলুধ্বনি ও চণ্ডীপাঠে মুখরিত হবে পূজা মণ্ডপ। আসুরিক শক্তিকে পৃথিবী থেকে দুর করতে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত ৫ দিন ষোড়শোপচারে সিংহবাহীনি দেবীর আরাধনা শেষে বিসর্জনের মাধ্যমে এ উৎসব শেষ হবে।
দেবী দুর্গা ভক্তদের পাপ থেকে মুক্তি দিয়ে পৃথিবী থেকে আসুরিক শক্তির বিনাশের মাধ্যমে শান্তি স্থাপন করবেন, এই কামনায় এই তিথিতে দুর্গোৎসবের আয়োজন।
মণ্ডপে মণ্ডপে রংতুলির আচরে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর রূপ। দর্শক হৃদয় বিমোহিত করতে সমান তালে চলছে মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার কাজ। সবকিছু ঠিকঠাক আছে কিনা তা ঝালিয়ে নিতে শেষ মুহূর্তে ব্যস্ত কারিগরেরা।
বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এ সকল কাজ শেষ হবে বলে জানান জাহাঙ্গীর পুর বৈশ্য পাড়ার শ্রী শ্রী নাম পূজা মণ্ডপের প্রতিমা শিল্পী। তবে দর্শনার্থীদের নতুন কিছু উপহার দিতে সচেষ্ট তারা।
উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি মাদব কুমার পত্রনবিস জানান,এ বছর উপজেলায় ১৯ টি পূজা মন্ডপে এক সাথে সার্বজনীন দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিটি মন্ডপে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো হবে। বিদ্যুৎ স্বাভাবিক রাখার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করছি।
সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবকে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে সফল করতে পূজা উদযাপন পরিষদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে উপজেলায় ১৯ টি মণ্ডপে অনুষ্ঠিতব্য দুর্গা পূজা উদযাপন কমিটির সাথে দফায় দফায় বৈঠক করে বিভিন্ন দিক নির্দেশনা ও অনুদান প্রদান করা হয়েছে। নিরাপত্তার জন্য মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অলক চৌধরী জানান, মদন উপজেলা অত্যন্ত শান্তিপ্রিয়। প্রতিবছর শৃঙ্খলার সাথে আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব পালন করে থাকি। এবারেও তার ব্যাত্যয় ঘটবেনা। অত্যন্ত আড়ম্বরে সাথে এ উৎসব পালিত হবে এবং সকল ধর্মানুসারীরা এতে অংশগ্রহণ করবেন।
মদন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন করিম জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে সর্ব উচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পক্ষ থেকে সব প্রস্থতি নেয়া হয়েছে।আমাদের অফিসাররা প্রতিটি পূর্জা মন্ডপ পরির্দশন করছেন।




























