নেত্রকোনার দুর্গাপুরে খুনহওয়া সাংবাদিকের পরিবারের পাশে ডেপুটি স্পিকার

নেত্রকোনার দুর্গাপুরে হত্যাকান্ডের শিকার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তার পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং নিহত সাংবাদিকের স্ত্রীর কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে নিহত সাংবাদিকের শ্বশুরবাড়িতে যান স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এ সময় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমার হাতে ডেপুটি স্পিকারের পক্ষ থেকে নগদ ১ লক্ষ টাকা ও সন্তানদের পোশাক তুলে দেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত বিএনপির সহ-সভাপতি এম এ জিন্নাহ,সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ শহিদুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টারসহ আরও অনেকে।
উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভ‚ঁইয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। আজ আমরা এখানে এসেছি আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়ের পক্ষ থেকে এই পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ডেপুটি স্পিকার মহোদয় তাদের খোঁজখবর নিয়েছেন।
তিনি আরও বলেন, সাংবাদিক আলিফ ফকিরের সন্তানদের ভবিষ্যৎ ও তার স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন ডেপুটি স্পিকার। সেই বার্তাই আমরা তাদের জানিয়েছি। ডেপুটি স্পিকার মহোদয় সব সময় তাদের পাশে থাকবেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরির তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহতের ঘটনা ঘটে। তিনি আইপিটিভি টেলিভিশন রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।




























