কুড়িগ্রামের রাজারহাট বিদ্যালয়ে পানি বেষ্টিত মাঠ: চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বর্ষার মৌসুমে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সবসময় দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠ বছরের দীর্ঘ সময় পানি বেষ্টিত থাকে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না, প্রার্থনা ও শারীরিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হয়। বর্ষা মৌসুমে মাঠে হাঁটুসমান পানি জমে থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় কাদা ও পানির কারণে ছোট ছোট শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।
এদিকে বিদ্যালয়ের মুল ভবন রাস্তা হতে নিচু জায়গায় হওয়াতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত বিদ্যালয়ের মাঠ ভরাট এবং জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে মাঠের উন্নয়ন জরুরি। অন্যথায় শিক্ষার মানের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিদ্যালয়ের সমস্যাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার স্বার্থে নাফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।





























