জবির ৬৮ জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ :তদন্ত কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ জন শিক্ষক রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে জড়িত থাকা সংক্রান্ত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে সত্যতা যাচাই ও তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি ‘এশিয়া পোস্ট’ পত্রিকায় বিষয়টি প্রকাশিত হওয়ার পর উপাচার্য মহোদয়ের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের খবর জানানো হয়।
কমিটিতে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহাম্মদকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) জনাব মোহাঃ আব্দুল মালেককে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মেজবাহ-উল-আজম সওদাগর।
অফিস আদেশে কমিটির জন্য দুটি নির্দিষ্ট কার্যপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে:
১. আগামী ১৩ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত শিক্ষকদের চিহ্নিতকরণ এবং পরবর্তী করণীয় নির্ধারণসহ প্রয়োজনীয় সুপারিশ প্রদান করতে হবে।
২. ‘এশিয়া পোস্ট’-এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে কিংবা শিক্ষার্থীদের হুমকি প্রদানে লিপ্ত ছিলেন কি-না, তা অনুসন্ধান করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দিয়েছে।






























