ইঞ্জিন সংকটে বন্ধ হয়ে গেলো দুটি ট্রেন!

ইঞ্জিন সংকটের কারণে ময়মনসিংহ থেকে গৌরীপুর জংশন হয়ে চলাচলকারী চট্টগ্রাম মেইল ও জারিয়া-জাঞ্জাইল লোকাল ট্রেন দুটির যাত্রা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এতে করে এই রুটের হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।
গত ২০২৬ সালের ২১ আগস্ট থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের চট্টগ্রাম মেইল ট্রেনটির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরের দিন ২২ আগস্ট দুপুর থেকে একই কারণে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-জারিয়া-জাঞ্জাইল লোকাল ট্রেনটি। ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ঝারিয়া-জাঞ্জাইল রুটে করোনার সময় থেকেই প্রায় ৬ জোড়া লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এর মধ্যে জারিয়া-জাঞ্জাইল ট্রেনটি ইঞ্জিন সংকটের কারণে আগে বেশ কয়েকবার বন্ধ হয়ে পুনরায় চালু হলেও ময়মনসিংহ-ভৈরব পথের লোকাল ট্রেনগুলো বছরের পর বছর ধরে বন্ধই পড়ে আছে।
স্থানীয়রা জানান, এই ট্রেনগুলোতে প্রতিদিন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতেন। হঠাৎ করে দুটি গুরুত্বপূর্ণ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্ধ থাকা লোকাল ট্রেনগুলো পুনরায় চালুর দাবিতে যাত্রীরা বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেশনে মানববন্ধন ও সমাবেশও করেছেন।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, ইঞ্জিন সংকটের কারণেই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য ট্রেন দুটির চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ইঞ্জিন পাওয়া গেলে যেকোনো সময় ট্রেন দুটি পুনরায় চালু করা হবে।






























