ঝালকাঠির কাঠালিয়ায় দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে স্বামী নিহত, স্ত্রী আটক

ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাঠালিয়া উপজেলা সদরের দক্ষিণ আউড়া গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম পলাশ নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে কাঠালিয়ায় শ্বশুরবাড়ির এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি একটি ফার্মেসি পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও তার স্ত্রী লিজার মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেছেন, পলাশকে মারধরের ঘটনায় লিজার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারেন এবং ঘটনার পর ওই ব্যক্তি পালিয়ে গেছেন। তবে এ দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

ঘটনার খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশের স্ত্রী ইসরাত জাহান লিজাকে আটক করে। পাশাপাশি হামলায় ব্যবহৃত একটি শাবল ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান বলেন, “পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।