উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান: বিদেশি পিস্তল-গুলিসহ আরসার সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উখিয়া থানাধীন ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টারের (সাবেক আশ্রয়কেন্দ্র) সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মোহাম্মদ জহিরকে (১৯) আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-০২, এফসিএন নম্বর-২০২৬০০-এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে সে ক্যাম্পের অভ্যন্তরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অভিযোগে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।






















