সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিক

ভারতে পাচার হওয়া দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফেরত আসা নারী-পুরুষরা হলেন— মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস মন্ডল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বচার। তারা দেশের নড়াইল, রাজবাড়ি, খুলনা বরিশাল জেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে এবং ক্ষেত খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এরপর সাজাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার একটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






























