সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে: এমপি বাবুল

সরকারকে বিব্রত করতে বিভিন্ন সময় সিন্ডিকেট করে সার সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে মন্দির, শ্মশানে ও ধর্মীয় প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​রোকন উদ্দিন বাবুল বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকায় দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সেই কাঠামো পুনর্গঠন করতে কিছুটা সময় প্রয়োজন। ফ্যাসিস্ট আমলে যেসব সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের নির্দিষ্ট কিছু নেতাকর্মীর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তারাই বর্তমানে সার সংকট তৈরির সঙ্গে জড়িত।’

​তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে নতুন সার ডিলার নিয়োগের মাধ্যমে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এর মাধ্যমে সার নিয়ে সৃষ্ট সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

​এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

​এর আগে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল উপজেলা সমাজসেবা কার্যালয়ে ঋণের চেক বিতরণ করেন এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।