বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে বিদেশি সিগারেট উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) বিদেশি ব্র্যান্ডের ‘উইন’ (WIN) সিগারেটের ৯৯টি কার্টন উদ্ধার করেছে। উদ্ধারকৃত সিগারেটের সিজার মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) কমান্ডারের নির্দেশনায়, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস)-এর নেতৃত্বে একটি টহল দল মধ্যম বাঘাইছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবি দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের মাথায় বহন করা প্লাস্টিকের বস্তা ও কার্টনগুলো ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত মালামাল তল্লাশি করে বিদেশি ব্র্যান্ডের ‘উইন’ সিগারেটের ৯৯টি কার্টন উদ্ধার করে। উদ্ধার করা কার্টন খুলে মোট ৯৯০ প্যাকেট সিগারেট পাওয়া যায়।

মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। গোয়েন্দা কার্যক্রম ও অপারেশনাল টহল আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।