ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ওই বক্তব্যের জবাবে এক ভিডিও বার্তায় পাল্টা প্রশ্ন তুলেছেন সালমান মুক্তাদির।
নিজের ফেসবুক পেজে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে দেওয়া ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
শনিবার রাত ১০টার ঘটনায় ভোর ৪টা পর্যন্ত থানায় বসে থেকেও কেন মামলা দায়ের হয়নি?- স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এমনটাই প্রশ্ন করেছেন সালমান মুক্তাদির।
তিনি বলেন, “, আপনি আমাকে প্রশ্ন করেছেন মামলা কেন দায়ের হয়নি, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কারণ এই জিনিসটা আপনার আন্ডারে পরে। আমি যে গতকালকে ৪টা পর্যন্ত এতগুলা মানুষ নিয়ে আপনার থানাতে বসে ছিলাম, ক্যান্টর্মেন্ট থানা থেকে গতকাল ৪টা পর্যন্ত আমি টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসলাম যেখানে আমার মাথা ঠিক থাকার কথা না, তখনও এসে আজকে দুপুর পর্যন্ত কেন মামলা করা হয়নি। আনটিল থিংগস গট ভাইরাল, আপনার স্টেম্যান্ট আসে। এর আগ পর্যন্ত মামলা আসলেও কেন দায়ের করা হয় নাই? এই প্রশ্নটা আমার আপনার কাছে থাকার কথা, দেশবাসীরও। আপনার এটা আন্সার করতে হবে, কেন সালাহউদ্দিন আহমেদের আন্ডারে মামলা দায়ের করার হয় নাই”।
একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা- সেখানে মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সঠিক আপডেট ছিল না। এ কারণে দেশের নাগরিকদের কাছ থেকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী কতটা বিচ্ছিন্ন সেই প্রশ্নও তোলেন তিনি।
সালমানের প্রশ্ন, এত সময় থানায় অবস্থান করার পরও কেন ওই সময়ের মধ্যে মামলা করা হয়নি এবং পরদিন দুপুর পর্যন্ত কেন মামলার বিষয়ে অগ্রগতি হয়নি।
তিনি আরও বলেন, “ঘটনা ভাইরাল হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এসেছে। তার প্রশ্ন, এর আগে মামলা করার প্রক্রিয়া কেন সম্পন্ন করা হয়নি”।
সালমান বলেন, “এই প্রশ্নটা আমার আপনার কাছে থাকার কথা, দেশবাসীরও। আপনার এটা আন্সার করতে হবে- কেন সালাহউদ্দিন আহমেদের আন্ডারে মামলা দায়ের করা হয়নি”।
‘আমি বিএনপির কথা কেন বললাম?’
নিজের বক্তব্যে বিএনপি ও চাঁদাবাজির প্রসঙ্গ কেন এনেছেন- সেটিও ব্যাখ্যা করেন সালমান মুক্তাদির।
তিনি বলেন, ‘আমি বিএনপির কথা কেন বললাম, চাঁদাবাজির কথা কেন বললাম?’
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও নিজের অবস্থার তুলনা করে সালমান বলেন, “দেখেন, আপনিও হেল্পলেস, আমিও হেল্পলেস। আপনিও কিছু করতে পারছেন না, আমিও কিছু করতে পারছি না..। ওখানে যাদের আটক করা হয়েছিল তারা মানুষের মাইর খেয়ে বিএনপির নাম বলে ফেলছে। এখন তারা ভাঙচুর করে বিএনপির নাম নিতে পারবে আর আমি নিতে পারব না?”
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং নিজের অবস্থাকে একইভাবে ‘হেসে হেসে উড়িয়ে দেওয়া’র সঙ্গে তুলনা করে তিনি বলেন, “আপনিও বিষয়টা হেসে হেসে উড়িয়ে দিচ্ছেন, আমিও হেসে হেসে উড়িয়ে দিচ্ছি। এটাই দেশ, এটাই বাংলাদেশ। আপনিও নাগরিক, আমিও নাগরিক”।
এর আগে রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা চাঁদাবাজির কারণে নয়; রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে দখল-বেদখলের ঘটনায় এ ভাঙচুর হয়েছে”।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় প্রাথমিক তদন্ত হয়েছে এবং আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন বলেও জানান তিনি।






























