নিসচার রোড ক্যাম্পেইন

হাজার হাজার চালক, যাত্রী ও পথচারীকে নিরাপদ সড়ক ব্যবহারে সচেতন করা হলো

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে আগামী ২২শে অক্টোবর নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার মোকামতলা বন্দরে রোড ক্যাম্পেইন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মোকামতলা বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ সচেতনতামূলক রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে সিএনজি, বাস, ট্রাক, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালক, যাত্রী এবং পথচারীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

ক্যাম্পেইন চলাকালে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানো, বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং না করা, যাত্রী ওঠানামার সময় বাড়তি সতর্কতা অবলম্বন এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি পথচারীদের নির্ধারিত স্থান ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পারাপার, যানবাহন চলাচলের সময় সতর্কতা অবলম্বন এবং সড়কে দায়িত্বশীল আচরণের পরামর্শ দেওয়া হয়।

এসময় নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; চালক, যাত্রী, পথচারীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই নিরাপদ সড়ক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।

তারা আরও বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়কের বার্তা ছড়িয়ে দিতে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোকামতলা বন্দরে এ রোড ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

রোড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহসভাপতি শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক সাহান আলী, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম, পলাশ মন্ডলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

রোড ক্যাম্পেইনের মাধ্যমে মোকামতলা বন্দরের বিপুলসংখ্যক চালক, যাত্রী ও পথচারীর কাছে নিরাপদ সড়ক ব্যবহারের গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া হয়।