সাতক্ষীরা কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির দায়িত্ব নিলেন নবনির্বাচিত কমিটি

সাতক্ষীরা জেলা কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শেষে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নতুন কমিটির নেতারা বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ক্রেতাদের সুবিধা নিশ্চিত করা এবং বাজারে স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে তারা কাজ করবেন। একই সঙ্গে বাজারে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা শক্ত হাতে দমনের কথাও জানিয়েছেন তারা।

শুক্রবার (২ অক্টোবর) রাতে সাতক্ষীরা চেম্বার অব কমার্সের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন নবনির্বাচিত কমিটির নেতারা।

অনুষ্ঠানে প্রথমে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এডহক কমিটির কাছে নির্বাচনের ফলাফল শিট হস্তান্তর করা হয়। পরে এডহক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে সমিতির দায়িত্ব হস্তান্তর করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু নবনির্বাচিত কমিটির উপস্থিতিতে এডহক কমিটির কাছে ফলাফল শিট হস্তান্তর করেন। পরে নবনির্বাচিত কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. রওশন আলী, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মো. রজব আলী খাঁ, সহসভাপতি পদে ফজলুর রহমান, সহসাধারণ সম্পাদক পদে কবিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক পদে মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে আখতারুজ্জামান, ধর্মবিষয়ক সম্পাদক পদে আবু সাঈদ, ক্রীড়া সম্পাদক পদে আনারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে আবু রায়হান, মহিদুল ইসলাম ও খায়রুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নাসিম ফারুক খান মিঠু বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আগামীকাল থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথের পর নবনির্বাচিত কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, আগামী তিন বছরের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা সদরে অবস্থিত এ বাজারের সঙ্গে আশপাশের জেলার ব্যবসা-বাণিজ্যও সম্পৃক্ত। বাজারে বিভিন্ন ধরনের কাঁচা ও পাকা পণ্য আমদানি হয় এবং প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তাই ব্যবসায়ীদের কল্যাণে নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর কাজ করবে বলে প্রত্যাশা করেন তিনি।

নাসিম ফারুক খান মিঠু আরও বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সাতক্ষীরা চেম্বার অব কমার্স সবসময় কাজ করে। নবনির্বাচিত নেতৃত্ব যাতে আরও ভালোভাবে ব্যবসায়ীদের নেতৃত্ব দিতে পারে, সে জন্য চেম্বারের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।

নবনির্বাচিত সভাপতি মো. রওশন আলী বলেন, ব্যবসায়ীদের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। দায়িত্ব পালনে কোনো ভুল হলে চেম্বার অব কমার্সের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। তিনি চেম্বার নেতাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রজব আলী খাঁ বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসায়ীদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন। ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা দেখা এবং তাঁদের পাশে থাকাই নতুন কমিটির দায়িত্ব।

বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বাজারে কোনো সিন্ডিকেট নেই। কাঁচামালের কোনো সিন্ডিকেট নেই। ভোক্তারা প্রতি বছরের মতো এবারও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছেন। আগামী দিনেও তাদের সুবিধা নিশ্চিত করা হবে, যাতে বাজার নিয়ে কোনো ধরনের অভিযোগ বা অস্বস্তি তৈরি না হয়।”

নবনির্বাচিত কমিটির কয়েকজন ব্যবসায়ীও বাজারে সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করে বলেন, তাদের বাজারে ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট নেই। যদি কোথাও এমন কিছু থেকে থাকে, তাহলে তা শক্ত হাতে দমন করা হবে। বাজারে আসা ক্রেতাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের জন্য সুন্দর পরিবেশ বজায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তাঁরা আরও বলেন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বাজারের বিষয়ে সোচ্চার রয়েছেন। বাজারে দুর্নীতির কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। একটি সুন্দর নির্বাচন হয়েছে, এখন সেই ধারাবাহিকতা ধরে রেখে ব্যবসায়ী ও ক্রেতা, উভয়ের স্বার্থে কাজ করতে চান তারা।

উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ১ হাজার ১৫৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।