খাগড়াছড়ির মানিকছড়ির ৮০ এমভিএ সাবস্টেশন নির্মাণের চূড়ান্ত অনুমোদন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা তিনটহরীতে ৮০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার(গঠঅ) ক্ষমতাসম্পন্ন ৩৩/১১ কেভি নতুন সাবস্টেশন নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালী করতে ২হাজার ৯১০কোটি ২২লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পের আওতায় এ সাবস্টেশন নির্মাণ করা হবে।

গত মঙ্গলবার (২৯শে সেপ্টেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি ২০২৬সালের জুলাই থেকে ২০৩১সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের নথিতে খাগড়াছড়ি জেলার জন্য দুটি নতুন ৩৩/১১কেভি সাবস্টেশন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে। এর একটি মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এবং অপরটি মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকায়। তিনটহরীর প্রস্তাবিত সাবস্টেশনের স্থানটির স্থানাঙ্কও প্রকল্প নথিতে উল্লেখ রয়েছে।

এ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলার ২৬টি দুর্গম উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। নতুন ছয়টি ৩৩/১১কেভি সাবস্টেশন, ৫হাজার ৩২কিলোমিটার নতুন বিতরণ লাইন নির্মাণ এবং বিদ্যমান ১হাজার ৮৭৪কিলোমিটার বিতরণ লাইন আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে।

মানিকছড়ির তিনটহরীতে নতুন সাবস্টেশন স্থাপনের ফলে এ অঞ্চলের বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি ও নতুন সংযোগ সম্প্রসারণের ক্ষেত্রেও এ অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে মানিকছড়ির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের উন্নয়ন সুযোগ তৈরি হবে।