দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে- ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি

লালমনিরহাট -১ (হাতীবান্ধা- পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, শিক্ষার্থীদের দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। আজকের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। তিনি রোববার
লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণকালে এসব কথা বলেন।
সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা এম. সাহেদুজ্জামান সরকার কোয়েল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান,কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সাজ্জাদুল পারভেজ।
এসময় সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল মামুন, সদস্য সচিব আরিফুর জামান আলিফ, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কলেজ সূত্রে জানা যায়, এমপির বিশেষ বরাদ্দে একাদশ শ্রেণির হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ি দূরে হওয়ায় অনেক শিক্ষার্থী পায়ে হেঁটে কলেজে আসা-যাওয়া করতেন। ফলে সময়মতো ক্লাসে উপস্থিত হতে সমস্যা হতো। এর আওতায় ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে।
বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থী সাহী বলেন, “আমাদের বাড়ি কলেজ থেকে ৭ কিলোমিটার দূরে। আগে অটোরিকশায় আসতে অনেক সময় লাগত। এখন বাইসাইকেল পেয়ে সময়মতো কলেজে আসতে পারব। এতে পড়াশোনায় অনেক সুবিধা হবে।”
কেতকীবাড়ী থেকে আসা শিক্ষার্থী কৃতি রানী বর্ণিতা বলেন, “আমাদের মতো অসচ্ছল পরিবারের জন্য বাইসাইকেলটি অনেক বড় সহায়তা। এখন সহজেই সময়মতো কলেজে আসতে পারব। বাইসাইকেল পেয়ে আমরা আনন্দিত।





















