রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা গ্রেফতার

রাঙ্গামাটির কালিন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে কালিন্দিপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন।

ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, চিংকিউ রোয়াজার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজাও ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাঙ্গামাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।