ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় পথসভা

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমসের সামনে ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৬ বছর ধরে বিএনপি বীরের বেশে রাজপথে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে, রাতের অন্ধকারে নয়। আজ যারা লুকিয়ে বা রাতের আঁধারে লিফলেট বিতরণ করে এবং গোপন তৎপরতা চালাচ্ছেন, তাদের পরিষ্কার বলতে চায় দেশের মাটিতে কোন সন্ত্রাসী কর্মকান্ড করে দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা সফল হবে না।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পলাতক নেতা-কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সকলকে সজাগ থাকতে হবে। গোপালগঞ্জকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করবো আমরা ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ভারত থেকে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ যেন বাংলাদেশে না ঘটে, সে বিষয়ে সীমান্তরক্ষী বাহিনীসহ সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে বলছি, জনগণের ধৈর্য্যরে পরীক্ষা নেবেন না। আমরা শান্তি চাই, কিন্তু কেউ অশান্তি সৃষ্টি করলে তা বরদাস্ত করা হবে না।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, বিএনপি নেতা ফরিদ আহমেদ খান লাল্টু, মো. লুৎফুর রহমান মন্টু, ডা. জাহাঙ্গীর কবির ও হাসান আলী লাল্টু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের জোর দাবি জানানো হয়। পথসভায় দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত সুরক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
এসময় জেলা বিএনপি ও অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মোল্যা।






























