কিশোরগঞ্জের হোসেনপুরে ডিবি ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযান, আটক ১৮

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও হোসেনপুর থানা পুলিশের যৌথ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে এ অভিযান সম্পর্কে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক। এ সময় হোসেনপুর থানার ওসি (তদন্ত) শেখ তাজউদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
আর যাদের বিরুদ্ধে অপরাধে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে না, তাদের প্রথমবারের মতো সতর্ক করে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধীদের আইনের আওতায় আনা নয়, অপরাধ প্রতিরোধ করা এবং কেউ অপরাধে জড়িয়ে পড়ার আগেই তাকে সঠিক পথে ফিরিয়ে আনাও পুলিশের অন্যতম দায়িত্ব। এ ক্ষেত্রে পরিবার থেকেই প্রতিরোধের উদ্যোগ শুরু হওয়া প্রয়োজন। পরিবার, সমাজ ও অভিভাবকদের সম্মিলিত সচেতনতা অপরাধপ্রবণতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদক সংশ্লিষ্টতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপারের নির্দেশনায় সন্দেহভাজন পুলিশ সদস্যদেরও ডোপ টেস্ট করা হচ্ছে। পাশাপাশি মাদকসহ যেকোনো অপরাধের তথ্যদাতাদের সাক্ষী সুরক্ষা আইনের আওতায় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
হোসেনপুর উপজেলাকে মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা থেকে মুক্ত রাখতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অপরাধ দমনে পুলিশের এ উদ্যোগ সফল করতে অভিভাবক, সামাজিক সংগঠন ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে আইন প্রয়োগের পাশাপাশি কিশোরদের সংশোধন ও সুপথে ফিরিয়ে আনতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্য অর্জনে পরিবার, সমাজ ও পুলিশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।






























