আশুলিয়ায় শ্রমিক হয়রানি ও ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

সাভারের আশুলিয়ার একটি কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের হয়রানি এবং ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আশুলিয়ার বাইপাইল-বগাবাড়ী এলাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে জায়ান স্টার লিমিটেডের শতাধিক শ্রমিক ও শ্রমিক নেতারা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে ছাঁটাই করা শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, কারখানায় বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকদের হয়রানি এবং শ্রমিক ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কোনো কারখানায় এ ধরনের ঘটনার নজির নেই। এসব শ্রমিকের অবিলম্বে নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করা না হলে শ্রমিকরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
বিক্ষোভ মিছিলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির আশুলিয়া থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল কর্মসূচি চলাকালিন সময়ে ইন্ড্রাস্টিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ মোতানো থাকতে দেখা গেছে।















