কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ‘চৈত্র সংক্রান্তি বিয়্যু’ উপলক্ষে প্রস্তুতি
কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘চৈত্র সংক্রান্তি বিয়্যু’ উপলক্ষে ২৯তম চৈত্র মেলা ও বাংলা নববর্ষ বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে শিল্পী বিনয় বড়ুয়া স্মৃতি সংসদ।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। উদ্বোধনী দিনে বিকাল ২টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।
উৎসবে লুডু গাছে আরোহণসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কচিকাঁচাদের ‘আনন্দ উৎসব’, আলোচনা সভা ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলার হাউজফুল’ অনুষ্ঠিত হবে। মধ্যরাতে আতশবাজির মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হবে।
দুই দিনের আয়োজনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উদ্যাপন পরিষদের সভাপতি সুবীর বড়ুয়া বুলু এবং স্বাগত বক্তব্য দেন প্রধান উদ্যোক্তা পলক বড়ুয়া আপ্পু। বক্তারা এ আয়োজনকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।






















