কক্সবাজারের রামুর দক্ষিণ মৌলভীকাটায় বিজিবির অভিযানে উদ্ধার প্রায় ১ লাখ ইয়াবা

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুনক্ষেতে অভিযান চালানো হয়।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি খয়েরি রঙের ব্যাগে ৯৮ হাজার ৯৭০ পিস এবং একটি সবুজ রঙের ব্যাগে ৯৭০ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবার চালানটি সীমান্ত এলাকা দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।