কক্সবাজারে পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান! ইয়াবা টাকা সহ আটক ৩

কক্সবাজার শহরের নিকটবর্তী ঝিলংজার হাজীপাড়ায় এক পুলিশ কর্মকর্তার বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৫ লাখ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে অভিযান শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আশিক মোমেন মেহেদী (২৩), সাদিয়া ফারহানা (২৩) ও সায়মন সরোয়ার (১৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক আশিক মোমেন মেহেদী কক্সবাজার কোর্ট পুলিশের এসআই শহীদের শ্যালক। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের শামসুল আলমের ছেলে। প্রায় সাত-আট বছর আগে ঝিলংজার হাজীপাড়ায় পুলিশ কর্মকর্তা শহীদ বাড়িটি নির্মাণ করেন। ওই বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে আশিক মোমেন মেহেদী বসবাস করতেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা আমির আলী অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তা শহীদের সঙ্গে যোগসাজশে তাঁর শ্যালক মোমেন মেহেদী দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। কিছুদিন আগে ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদের খবর পেয়ে স্থানীয় কয়েকজন যুবক প্রতিবাদ জানান। এর জেরে তাঁদের বিরুদ্ধে ছিনতাই মামলা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
আমির আলী আরও দাবি করেন, বিষয়টি স্থানীয় থানা-পুলিশকে অবহিত করা হলেও ইয়াবা মজুদের অভিযোগের পরিবর্তে ছিনতাইয়ের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়েছিল। পরে একজন তথ্যদাতা বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারকে জানালে সংস্থাটি অভিযান চালায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের পরিচালক সোমেন মণ্ডল জানান, অভিযানে প্রাথমিকভাবে যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাঁদের আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক ও নগদ টাকার বিষয়ে তদন্ত চলছে। তদন্তে বাড়ির মালিক পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁকেও মামলায় আসামি করা হবে।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ও নগদ টাকা জব্দ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






















