খাগড়াছড়ির গুইমারায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে গুইমারা উপজেলা বিএনপি। সংবর্ধনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গুইমারায় অবস্থিত আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেন। বুধবার(২রা সেপ্টেম্বর) গুইমারায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতারা নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই বলেন, “জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে খাগড়াছড়ির মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনকল্যাণমূলক কর্মকান্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। জেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংবর্ধনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গুইমারার আবাসিক ছাত্রাবাস পরিদর্শন করেন। এ সময় তারা ছাত্রাবাসের আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তারা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছাত্রাবাসের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় জেলা পরিষদের সদস্যরা, গুইমারা উপজেলা বিএনপির নেতারা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে খাহড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ও সদস্যরা দায়িত্ব নিয়েছিলেন।

পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ও সদস্যরা দায়িত্বভার আনুষ্টানিক গ্রহণ করেছেন। এসময় ফুলের শুভেচ্ছায় শিক্ত হন তিনি। সকলের সাথে এক বৈঠকে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে হবে জেলা পরিষদ বলে মন্তব্য করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

গত রোববার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তবরর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে পরিষদের সম্মেলন কক্ষে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে এই পরিষদ কাজ করবে।

পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে। পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, নবনিযুক্ত সদস্য এমএন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেকম মিন্টু, রুমেল মারমা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত পরিষদের সদস্যরা দায়িত্ব গ্রহণ করার সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন অন্তবরর্তীকালীন পরিষদ খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।