খুলনায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, ঋণের চেক প্রদান ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ পল্লী এলাকায় বসবাস করে। তাই পল্লীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং সমাজের সকল মানুষকে সুস্বাস্থ্য ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন।

তিনি আরও বলেন, সরকার পল্লী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং বৃক্ষরোপণ কার্যক্রমও পল্লীর উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঋণের চেক গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, এ অর্থকে কাজে লাগিয়ে ক্ষুদ্র খামার বা ব্যবসা গড়ে তুলে আত্মনির্ভরশীল হতে হবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) খুলনার উপপরিচালক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তব্য দেন বিআরডিবি’র উপপ্রকল্প পরিচালক মো. আবু বিল্লাহ হোসেন।

অনুষ্ঠানে সুফলভোগী সুশীল কুমার পাল ও সমাজকর্মী মো. হুমায়ুন কবীর তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, বিআরডিবির সহায়তায় তারা স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা, পুরস্কার ও ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার প্রদান করা হয়। এ সময় তিনজন সুফলভোগীর মাঝে মোট ৩ লাখ ২৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

সার্বিকভাবে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি গ্রামীণ উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেয়।