খুলনায় বিটিসিএল শ্রমিক-কর্মচারীদের মিছিল-সমাবেশ, চাকরি স্থায়ীকরণের দাবি জোরদার

খুলনায় বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিটিসিএল (টিএনটি) অফিস ভবনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খালিশপুরস্থ বিটিসিএল অফিস ভবনে এ কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচির শুরুতে আন্দোলনকারীরা ভবনের বিভিন্ন তলায় মিছিল করেন। পরে ভবনের নিচে এসে তারা সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
এ সময় বিভিন্ন দাবিসংবলিত স্লোগানে পুরো ভবন প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। পরিস্থিতি শান্ত থাকলেও দীর্ঘ সময় ধরে চলা কর্মসূচিতে অফিস কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটে বলে জানা গেছে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিটিসিএলের গুরুত্বপূর্ণ সেবা ধীরে ধীরে আউটসোর্সিং প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হচ্ছে, যা দীর্ঘদিনের কর্মচারীদের চাকরির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
বিশেষ করে জিপন ও এমওটিএন সংযোগ রক্ষণাবেক্ষণ আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তারা।
বক্তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিক সংগঠনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি, যা কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে।
সমাবেশে দীর্ঘদিন ধরে কর্মরত ক্যাজুয়াল ও ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- ক্যাজুয়াল ও ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, ১২তম গ্রেডের বিলোপযোগ্য পদধারীদের কনফার্মেশনপত্র প্রদান, পদোন্নতি ও অন্যান্য আর্থিক সুবিধা নিশ্চিত করা, আউটসোর্সিং প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কমিউনিকেশন্স লিমিটেডের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে শ্রমিক সংগঠনের মতামত নিশ্চিত করা।
বক্তারা সতর্ক করে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, কর্মচারীদের অধিকার ও চাকরির নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
সমাবেশে বিটিসিএল খুলনার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





























