খুলনায় ভুয়া সাংবাদিক পরিচয়ে অস্ত্র বহন, বিদেশি পিস্তলসহ আটক ২

খুলনা নগরীতে সাংবাদিক পরিচয়ে চলাফেরা করা দুই যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বয়রা আজিজের মোড় সংলগ্ন হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটকরা হলেন- হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড এলাকার বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক মামুন মোল্লা নিজেকে “SAS TV 24” নামের একটি ভুয়া অনলাইন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন। এই পরিচয়ের আড়ালে তিনি ও তার সহযোগী নানা কার্যক্রমে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং তারা সাংবাদিক পরিচয় ব্যবহার করে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করে অপরাধ সংঘটনের সুযোগ নেওয়ার চেষ্টা করা হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।






























