যশোরের রাজগঞ্জে সঞ্চয়ের টাকা তুলতে এসে নারীর মৃত্যু, অফিসের সামনে হৃদয় বিদারক ঘটনা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে সঞ্চয়ের টাকা উত্তোলন করতে এসে কোহিনুর বেগম (৪৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। মৃত কোহিনুর বেগম উপজেলার বেগমপুর গ্রামের আবু বক্কারের স্ত্রী।

মৃত কোহিনুরের পরিবার সূত্রে জানা যায়, কোহিনুর বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও সোমবার তিনি ভ্যানযোগে রাজগঞ্জ ব্র্যাক অফিসে এসে তার জমানো সঞ্চয় উত্তোলন করেন। ব্র্যাক অফিস সূত্রে জানা গেছে, কোহিনুর বেগমের নামে ৫ বছর মেয়াদি একটি জিপিএস সঞ্চয় হিসাব ছিল।

মেয়াদ পূর্ণ হওয়ায় তিনি জমাকৃত প্রায় তিন লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে সামনের সড়কে উঠতেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

রাজগঞ্জ ব্র্যাক অফিসের ম্যানেজার সাজেদা খাতুন জানান, “তিনি অসুস্থ অবস্থায় অফিসে আসেন। বিষয়টি বুঝতে পেরে দ্রুততার সঙ্গে টাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে আমরা তার মৃত্যুর খবর পাই।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। জীবনের শেষ সময়ে বহু কষ্টে জমানো অর্থ স্পর্শ করার পরও সেই অর্থের সুফল ভোগ করার সুযোগ পেলেন না কোহিনুর বেগম। তার আকস্মিক মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে ব্যথিত করেছে।