চাঁদপুরের ফরিদগঞ্জে সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউড় মন্দিরে গীতা স্কুলের উদ্বোধন

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় পূর্ব গোবিন্দপুর গ্রামে অবস্থিত ভগীরথ সিংহের বাড়ি নিকেতনে সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউড় মন্দির প্রাঙ্গণে গীতা স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ধর্মীয় ও সনাতন সংস্কৃতির আবহে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীদাম দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুজন দাস। এছাড়াও লামচর গীতা স্কুলের সভাপতি পরেশ দাসসহ বাপন দাস, সুমন চন্দ্র ঘোষ, সুধীর চন্দ্র দাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউড় মন্দির পূর্ব গোবিন্দপুরের সাধারণ সম্পাদক পপুল্ল মজুমদার, কোষাধ্যক্ষ গোকুল লোদ, সাংগঠনিক সম্পাদক পলাশ লোদ, সহ-সভাপতি বিকাশ লোদসহ মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সত্যেন্দ্র শিংহ ও আকাশ মজুমদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গীতা শিক্ষা মানুষের নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও সনাতন সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতেই এই গীতা স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।
উল্লেখ্য, সঞ্জয় মজুমদার (অনুপস্থিত)-এর উদ্যোগে এই গীতা স্কুলের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির লোকনাথ গীতা সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই গীতা স্কুল ভবিষ্যতে নৈতিক ও আদর্শ মানুষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।






















