চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতা বোগদাদের চাপায় প্রাণ গেলো দারোয়ানের

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহন নামক দুইটি যাত্রীবাহি বাসের প্রতিযোগিতায় প্রাণ গেলো মো. বিল্লাল হোসেন নামের এক দারোয়ানের (পাহারাদার)। রোববার (৩১ মে) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়ার মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস & সিটিস্ক্যান ও ডায়াগণস্টিক সেন্টারের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁ গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা।

স্থানীয় একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এদিন সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তার পেছনে ছিলো বোগদাদ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস। বোগদাদ বাসটি ওভারটেক করতে চেয়েছিলো, কিন্তু আইদি বাসটি সে সুযোগ দেয়নি।

এসময় বোগদাদ পরিবহনের বাসটি ওভারটেক করার জন্য রং সাইডে (আইদি পরিবহনের বাম পাশে) প্রবেশ করে সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর, আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিসি মারা যান। তাৎখনিক বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে যান।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ’সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে সড়কের যানবাহন চলাচাল স্বাভাবিক করেন এবং নিহতের মরদেহ উদ্ধারপূর্বক বাস দুইটিকে জব্দ করে থানায় নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শী মাও. আমান উল্যাহ, গোলাম রসূল স্বপন ও সেন্টু’সহ একাধিক ব্যক্তি জানান, দুইটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। তারা সংশ্লিষ্ট দোষি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মান্নান জানান, সংশ্লিষ্ট বাস দুইটি জব্দ এবং নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।