যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে অ্যালামনাই কাপ (সেশন-৪) সম্পন্ন চ্যাম্পিয়ন ২০১১ ব্যাচ

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত অ্যালামনাই কাপ (সেশন-৪) সফলভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের ২০২০ ব্যাচের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচে ২০১১ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় ২০১১ ব্যাচ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ১০৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে ২০১৮ ব্যাচ ৬ ওভারে ৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৭০ রানের বড় ব্যবধানে জয়লাভ করে ২০১১ ব্যাচ শিরোপা নিজেদের করে নেয়। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ২০১১ ব্যাচের বিপ্লব ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
এছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে খেলা পরিচালনার স্বীকৃতিস্বরূপ ২০০৮ ব্যাচের আব্দুল্লাহ আল মামুন এবং ২০১২ ব্যাচের শামীম হোসেন যৌথভাবে ‘সেরা আম্পায়ার’ নির্বাচিত হন। টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল মাজিদ, বাবু উত্তম কুমার পাল, রাজগঞ্জ এডাস মডেল স্কুলের শিক্ষক রবিউল ইসলাম, গোল্ডেন সান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজক কমিটির সদস্য মেহেদী, জিম, বিপ্লব এবং ২০২০ ব্যাচের সদস্যরা টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করা সকল অংশগ্রহণকারী, অতিথি, স্পন্সর ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি ক্রীড়া চেতনা বিকাশে অ্যালামনাই কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অংশগ্রহণকারীদের মতে, “অ্যালামনাই কাপ (সেশন-৪) প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”






























