চাঁদপুরের হাজীগঞ্জে শতরূপা নিত্য শিক্ষালয়ের পরিচিতি ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

চাঁদপুর জেলার হাজীগঞ্জে শতরূপা নিত্য শিক্ষালয় শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয়ের মাস ডিসেম্বরের চেতনাকে ধারণ করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকাল চারটায় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত শতরূপা নিত্য শিক্ষালয় চাঁদপুরে উপশাখা হিসেবে কার্যক্রম শুরু করে এবং সেই ধারাবাহিকতার অংশ হিসেবে হাজীগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে পরিচিতি লাভ করে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জাবের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত কমিটির প্রধান উপদেষ্টা ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, উপদেষ্টা ইউসুফ মিয়া (সিনিয়র শিক্ষক), শিক্ষিকা মুক্তা সাহা এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আমিনুল হক ও চাঁদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সেন চৌধুরী।

শাখার সভাপতি শ্যামল কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন খন্দকার আরিফ, সাংগঠনিক সম্পাদক জহির হোসেন, অর্থ সম্পাদক সুজন দাস এবং প্রচার সম্পাদক মেহেদী হাসান রিমেল।

বক্তারা বলেন, শতরূপা নিত্য শিক্ষালয় একটি শিক্ষামূলক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে কাজ করে আসছে। হাজীগঞ্জ শাখার এই নবগঠিত কমিটি আগামী দিনে শিক্ষার্থী ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জাবের হোসেন বলেন, শিক্ষা ও সংস্কৃতি মানুষের ভিত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। তিনি নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম বলেন, তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে নিতে এমন সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষ অংশে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মন জয় করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দঘন পরিবেশে সম্পন্ন। অনুষ্ঠান শেষে নতুন কমিটির সফলতা কামনা করে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে আলোচনার সমাপ্তি ঘোষণা করা হয়।