চাঁদপুরের হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানে সপ্তাহব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে মৈত্রী শিশু উদ্যানে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে সপ্তাহব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সফলভাবে সম্পন্ন হওয়া এ কর্মশালায় হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

চলতি সপ্তাহে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানের অর্থ প্রশাসক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটারিয়ান রুহিদাস বণিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই।

একজন দক্ষ শিক্ষকই পারে একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করতে।” তিনি এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৈত্রী শিশু উদ্যানের পরিচালনা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ, যারা প্রশিক্ষণ কর্মশালার সার্বিক কার্যক্রম তদারকি ও সহযোগিতা করেন।

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রতন দুলাল দেবনাথ, অবসরপ্রাপ্ত প্রশিক্ষক এবং অর্চনা কুন্ডু, সাবেক সুপার পিটি আই, কুমিল্লা। প্রশিক্ষকদ্বয় আধুনিক পাঠদান পদ্ধতি, শিশু মনোবিজ্ঞান, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, সৃজনশীল শিক্ষা কার্যক্রম ও নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষাদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় মোট ৪২ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন, যা তাদের দৈনন্দিন পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষ দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।