জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রথম স্থান অর্জন করে নজর কাড়লো রাজগঞ্জের মেধাবী শিক্ষার্থী তাসনিম আলম নাবা। একক নৃত্য, রবীন্দ্রসংগীত এবং সাধারণ জ্ঞান কুইজ। এই তিন ক্ষেত্রেই প্রথম হয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছে সে।
নাবা রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নাবা রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক শাহানাজ পারভীন দম্পতির কন্যা।
সোমবার (১৮ মে) সকালে রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে নাবার হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা শিক্ষা অফিসার।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মোঃ মাহাবুব রশীদ জানান, এবারের প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে চালুয়াহাটি ইউনিয়নে রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ২৯টি পুরস্কার অর্জন করেছে।
এর মধ্যে রয়েছে ১৭টি প্রথম, ৯টি দ্বিতীয় ও ৩টি তৃতীয় স্থান। তিনি বলেন, “আমরা বিজয়ী সব শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিয়েছি। নাবার এই সাফল্য পুরো বিদ্যালয়ের জন্য গর্বের।”
নাবার এই কৃতিত্ব বিদ্যালয়, শিক্ষক ও পরিবার- সবাইকে উৎসাহিত করেছে। স্থানীয় শিক্ষাঙ্গনে তার অর্জন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।





























