আলোচনা সভা
ঝালকাঠির কাঠালিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের প্রত্যয়

জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও চেতনা তুলে ধরে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। একই সঙ্গে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




















