টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর পৃথক দুই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) র‌্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়)-এর পাদদেশে অভিযান চালায়। এ সময় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রটির মালিকানা কিংবা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।

একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে পৃথক অভিযান চালায় র‌্যাবের আরেকটি দল। এ সময় সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়।

পরবর্তীতে বিধি মোতাবেক তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক সামসুন নাহার টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের শেড নম্বর-০৬৮৭, রুম নম্বর-০৬-এর বাসিন্দা। তার বাবার নাম শামসুর আলম।

র‌্যাব-১৫ জানায়, উদ্ধার করা পরিত্যক্ত অস্ত্র এবং ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ আটক নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকা ও পাহাড়ি অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।