সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: ডিআইজি আব্দুল কুদ্দুস

শুধু পুলিশের পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। একটি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী।
মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি এই প্রতিপাদ্যে সোমবার (২৪ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে শহরের মিনিস্ট্রিয়াল ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাবেশে মিলিত হয়।
রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মো. আব্দুর রকিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন অধিনায়ক লে. কর্নেল একরামুল রাহাত, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কমিউনিটি পুলিশ রাঙ্গামাটির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ দীপেন দেওয়ান বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগকারী সংস্থা, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি মাদকের বিপদ থেকে মানুষকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।






























