ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও (বোলগাঁও) ও সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুশারিগাঁও (বোলগাঁও) গ্রামের টিহাকু রামের স্ত্রী শান্তি রাণী, বিহারু রামের ছেলে সুহী চন্দ্র রায় এবং সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামের নয়নের স্ত্রী রুনা আক্তার।

ভোমরাদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, বজ্রসহ বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে শান্তি রাণী ও সুহী চন্দ্র রায় গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে সেনুয়া ডাঙ্গীবস্তি গ্রামের রুনা আক্তার বজ্রপাতে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, স্থানীয় জনপ্রতিনিধিসহ নিহতদের স্বজনরা।

এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।