ধানের শীষকে বিজয়ী করা ঈমানী দায়িত্ব

‘জামায়াতি ইসলামের আকিদাগত সমস্যা আছে। জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে তারা মওদুদীর ইসলাম বাস্তবায়ন করার জন্য ফিকির করবে। তারা ক্ষমতায় আসলে ইসলামের ক্ষতি বেশি হবে, তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাথে জোট করেছি।
অতএব ইসলামকে অক্ষত রাখতে ধানের শীষকে বিজয়ী করা আমাদের ঈমানী দায়িত্ব’ বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা নজরুল ইসলাম।
আজ (২৫ জানুয়ারি) রবিবার বেলা ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের কর্মী সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা দেওবন্দের আদলে হযরত মুহাম্মদ(সঃ)-এর আদর্শকে বাস্তবায়ন করি। যেকারণে আমরা তাদের সাথেই জোট করেছি, যাদের দ্বারা ইসলামের ক্ষতিটা কম হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণ ঐক্যমতে- জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয় বিধায় আমরা বিএনপিকে সমর্থন করেছি। আপনরা সবাই ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি উস্তাজুল হুফফাজ হাফেজ আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আযীযীর আহবানে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী,সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল্লাহীল বাকী,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
কর্মী সম্মেলনে উপস্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মীরা বলেন, ময়মনসিংহ-৮ আসনে লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিকল্প কোন প্রার্থী নেই। তিনি একজন সৎ,যোগ্য ও মানবিক প্রার্থী। ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে মাজেদ বাবুকে ধানের শীষে ভোট জয়যুক্ত করতে হবে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন,আলেম সমাজ জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে ইসলামের পথে ঐক্যবদ্ধ করে। শ্রদ্ধার সাথে বলতে চাই আমি নির্বাচিত হলে আলেম সমাজকে সাথে নিয়ে একটি শিক্ষিত এবং আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ে তুলবো। আপনার সবাই দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন।






























