নওগাঁয় ৭০ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ২

নওগাঁ শহরের আলোচিত নুনিয়াপট্টি সুইপার কলোনিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের প্রতিবাদে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নুনিয়াপট্টি সুইপার কলোনি এলাকায় টানা পাঁচ ঘণ্টা অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের বিষয়ে বিকেল ৪টার দিকে নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ জানায়, অভিযানে ৭০ কেজি গাঁজা, ১৬ লিটার বাংলা মদ এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ লাখ ৮ হাজার ৯০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নুনিয়াপট্টি সুইপার কলোনির বাসিন্দা রাহুল (১৯) ও রাজা বাসফোড় (৩৭)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সুইপার কলোনি এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ টিম গঠন করে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে সদর থানা পুলিশের একটি দল ২৫ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে ডিবি ও জেলা পুলিশের বিশেষ টিম নিয়ে আমি নিজে সেখানে গিয়ে অভিযান চালাই।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। অভিযানের খবর পেয়ে কয়েকজন আসামি পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে।

এদিকে অভিযানের সময় মাদক না পেয়ে পুলিশ ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে—এমন অভিযোগ তুলে বিকেল ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন নুনিয়াপট্টির বাসিন্দারা। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়েও অবস্থান নেন।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, অভিযানে উদ্ধারকৃত সব মালামাল যথাযথভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। কোনো বৈধ মালামাল থাকলে আদালতের মাধ্যমে তা ফেরত দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক, পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।