নওগাঁর বদলগাছীতে চোরাই কীটনাশক বিক্রির সময় মালামাল জব্দ

নওগাঁর বদলগাছী উপজেলার মেসার্স রেখা টেডার্স নামের একটা প্রতিষ্ঠান চোরাই কীটনাশক বিক্রয় করার সময় বেশ কিছু কীটনাশক জব্দ করে উপজেলা কৃষি অফিস।
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে অভিযান পরিচালনা করে কীটনাশক জব্দ করে সজল সরকার বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম জহির রায়হান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে দুপুরে উপজেলা সদরের মেসার্স রেখা টেডার্স নামের একটা কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কিছু কীটনাশকের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দোকান মালিক সবুজ হোসেন। এসময় বৈধ কাগজপত্র বিহীন এমিস্টার টপ ৫০০ এমএল ৩ বোতল, এমিস্টার টপ ১০০ এমএল ২ বোতল কীটনাশক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ হাজার ৭৫০ টাকা। সব গুলো সিনজেনটা গ্রুপের মালামাল।
তিনি আরও জানান, মালামাল গুলো কৃষি অফিসে রাখা হয়েছে। এবং দোকান মালিককে বৈধ কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে।
কীটনাশক বিক্রেতা সবুজ বলেন,একজন ব্যক্তি আমার দোকানে এসে ৫০০ এমএল তিন বোতল ও ১০০ এমএল দুই বোতল সিনজেনটা গ্রুপের কাগজ ছাড়া মালামাল বিক্রয় করে। এর কিছুক্ষণ পরে উপজেলা কৃষি অফিস ও সিনজেনটা গ্রুপের বিক্রয় প্রতিনিধি এসে মালামালগুলো জব্দ করে নিয়ে যায়।






























