নওগাঁর বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, “সরকার কৃষকদের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভোটের কালির দাগ শুকানোর আগেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে, পাশাপাশি কৃষক কার্ড চালুর প্রস্তুতিও চলছে। খুব শিগগিরই কৃষক কার্ডের উদ্বোধন করা হবে।” তিনি আরও বলেন, প্রতিটি কৃষককে নিজ বাড়ির পতিত জমি কাজে লাগিয়ে ফল ও সবজি চাষে এগিয়ে আসতে হবে, তবেই খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৪ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন কৃষককে পাটের বীজ ও সার, ৪০ জনকে মুগ ডালের বীজ ও সার এবং ৩০ জনকে তিলের বীজ ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একই অনুষ্ঠানে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও ঢেউটিন বিতরণ করা হয়, যা মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।

কৃষকদের মুখে হাসি ফুটিয়ে এই উদ্যোগ স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।