নওগাঁর বদলগাছীতে বিএনপির ২৪২ প্রার্থীর লড়াই, সুযোগ ৮০ জনের

নওগাঁর বদলগাছী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে বিপুলসংখ্যক প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

দলীয়ভাবে বদলগাছীতে ৮০ জনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকলেও মাঠপর্যায়ে বিএনপির প্রায় ২৪২ জন সম্ভাব্য প্রার্থী নিজেদের অবস্থান জানান দিতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। এর মধ্যে দলীয় সমর্থন ও মনোনয়নের দৌড়ে শেষ পর্যন্ত ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে একাধিক প্রার্থী থাকায় কিছু ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন নেতাকর্মী ও সমর্থকেরা।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। তবে একাধিক প্রার্থী থাকায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যাতে প্রতিদ্বন্দ্বিতা না করেন, সে বিষয়েও কেন্দ্রীয় ও স্থানীয় সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে।

এদিকে বিপুলসংখ্যক সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় হওয়ায় নির্বাচনের আগেই বদলগাছীর ৮ ইউনিয়নে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। এখন সবার নজর—শেষ পর্যন্ত কারা দলীয় সমর্থন বা মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে থাকার সুযোগ পাচ্ছেন ।

এ বিষয়ে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও ৪৮ নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “কোনো ইউনিয়ন কিংবা ওয়ার্ডে যদি একাধিক প্রার্থী থাকে, তাহলে কাউকে এককভাবে চাপিয়ে দেওয়া হবে না। দলীয় নেতাকর্মীদের মতামত ও নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। তৃণমূলের সমর্থন যিনি পাবেন, তাকেই প্রার্থী হিসেবে নির্বাচনের সুযোগ দেওয়া হবে।”