নওগাঁর রাণীনগরে বিএনপি নেতা বেদারুল বহিষ্কার

নওগাঁর রাণীনগরে অব্যাহতি দেওয়া বেদারুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতিসাধনের অপচেষ্টার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
বুধবার দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানা গেছে।
সাময়িক বহিস্কৃত বেদারুল ইসলাম উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। বহিস্কৃত চিঠিতে তাকে ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
সাময়িক বহিষ্কার আদেশে বলা হয়- দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতিসাধনের অপচেষ্টায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনার দলীয় পদমর্যাদা হইতে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, তারেক জিয়া সম্পর্কে ফেসবুকে মানহানিকর পোস্ট করেছিল। সেই কারণে দল থেকে তাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
এর আগে বেদারুল তার ফেসবুকে উপজেলা বিএনপির নেতাদের নিয়ে ফেসবুকে মিথ্যে পোস্ট করায় তাকে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। জবাব দিতে না পারায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।






























