নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরীর পাড়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার তেরীবাজার সংলগ্ন সোমেশ্বরী নদীর পাড় দখল করে গড়ে ওঠা প্রায় সাতটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর পাড়ের সরকারি খাসজমি দখল করে বিভিন্ন সময়ে এসব পাকা, আধাপাকা ও টিনশেড স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে কয়েকটি বালুমহাল চালু থাকার সময় নির্মাণ করা হয়। পরে বালুমহালের কার্যক্রম বন্ধ হয়ে গেলে স্থাপনাগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এসব স্থাপনার কয়েকটি মাদকসেবীদের আস্তানা হিসেবে ব্যবহার হচ্ছিল। সরকারি সম্পত্তি উদ্ধার ও মাদকের আড্ডা বন্ধের লক্ষ্যে অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, সরকারি সম্পত্তি রক্ষা ও মাদকের আড্ডা বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে। প্রায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। সরকারি খাসজমি রক্ষায় আইনানুগ প্রক্রিয়ায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।