নেত্রকোনার মদনে বাড়ির সীমানা কেন্দ্র করে বিরোধে সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার মদন উপজেলার পদারকোণা গ্রামের নয়াপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২২ মার্চ) সকালে মৃত আলী হোসেনের ছেলে মঞ্জু মিয়া এবং প্রতিবেশী মৃত গফুর মিয়ার ছেলে শান্ত মিয়া (৫৫)-এর মধ্যে বাড়ির সীমানা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় মঞ্জু মিয়া গুরুতর আহত হন এবং পরে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে নেওয়ার পথে মৃত্যু হয়।

মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া জানান, বাড়ির সীমানায় বস্তা দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমীর হোসেন লাঠি দিয়ে তার বাবার উপর আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং পরে মারা যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাংশু দে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।