পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যান আশরাফুল সহ কৃষকলীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইউনিয়ন আওয়ামীলীগের যুবলীগ সভাপতি ও শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম (৩৭) ও জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য আশরাফ আলী (৪৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের আটক করে পরের দিন শনিবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আশরাফুল ইসলাম ও ওই ইউনিয়নের ধারাগছ গ্রামের চান মিয়ার ছেলে আশরাফ আলী।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ২ টায় পর তেঁতুলিয়া মডেল থানার একটি পুলিশের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার কাজীগছ এলাকায় যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে যায়।

পরে তাকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে এক ব্যবসায়ীর দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া জেলা কৃষকলীগের কার্যকরী সদস্য আশরাফ আলী নামে আরেক কৃষকলীগ নেতাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় তেঁতুলিয়া মডেল থানা।

এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিবাগত রাতে আশরাফুল ইসলামসহ ২জনকে আটকের পর শনিবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।