তীব্র গরমে স্বস্তির পরশ

পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো যশোরের রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা

দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দশম শ্রেণির একদল শিক্ষার্থী। প্রচণ্ড গরমে রাজগঞ্জ বাজারে পথচারী, দিনমজুর এবং এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা লেবুর শরবত বিতরণ করেছে তারা।

রবিবার (১৭ মে) দুপুর থেকে আড়াইটা পর্যন্ত রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে এই ব্যতিক্রমী ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তারা প্রথমে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়া মাত্রই ক্লান্ত পরীক্ষার্থীদের গ্লাসে গ্লাসে ঠান্ডা লেবুর শরবত তুলে দেয় দশম শ্রেণির শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে তীব্র গরমে এমন ঠান্ডা শরবত পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরীক্ষার্থীরা।

এরপর শিক্ষার্থীরা অবস্থান নেই রাজগঞ্জ বাজারের চৌরাস্তা ও বটতলা মোড়ে। দুপুর আড়াইটা পর্যন্ত বাজারের ব্যবসায়ী, পথচারী এবং রাস্তায় চলাচলরত ভ্যান ও ইজিবাইক চালকসহ সব শ্রেণি-পেশার মানুষের মাঝে তৃষ্ণা মেটাতে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। তীব্র রোদের মধ্যে খেটে খাওয়া মানুষগুলো এই ঠান্ডা শরবত পান করে দারুণ স্বস্তি প্রকাশ করেন।

শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার ও সুধী সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, “কিশোর বয়সেই শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতার এই প্রকাশ সত্যিই প্রশংসনীয়।

প্রচণ্ড গরমে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন তাদের এই ঠান্ডা শরবত খাওয়ানোর উদ্যোগটি একটি মহৎ দৃষ্টান্ত হয়ে থাকবে।” চলমান এই তীব্র গরমে শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল ও সেবামূলক আচরণ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছে।