নদীর পাড়ে পড়ে ছিল অর্ধ-বিবস্ত্র তরুণীর মরদেহ, পুলিশ বলছে রাখাইন সম্প্রদায়

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর চর থেকে অজ্ঞাত এক তরুণীর (১৭) অর্ধ-বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে উপজেলার লালুয়া ইউপির নাওয়াপাড়া এলাকায় সাগর লাগোয়া রামনাবাদ নদী মোহনার চরে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে নৌ-পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লালুয়া ইউপির গ্রাম পুলিশ মো. সোহাগ কালবেলাকে বলেন, নাওয়াপাড়া সড়ক উন্নয়ন কাজে কর্মরত শ্রমিকরা প্রথমে মরদেহটি দেখে আশেপাশে খবর দেয়। তবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নৌ-পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশটি উদ্ধার করে।

তবে অজ্ঞাত তরুণীর মরদেহের পড়নে শুধু লাল রঙের সেলোয়ার আর উপরিভাগ বিবস্ত্র অবস্থায় উপুর হয়ে পড়ে ছিল। এছাড়া লাশের শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে বলে জানান এই গ্রাম পুলিশ সদস্য।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন কালবেলাকে জানান, অজ্ঞাত এক তরুণীর মরদেহ ভেসে এসে চরে আটকে ছিল। আমারা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হচ্ছে। তবে অজ্ঞাত তরুণী রাখাইন সম্প্রদায়ের হতে পারে। তার নাক দেখে প্রাথমিক ভাবে সেটাই মনে হচ্ছে।

এছাড়া তার বয়স ১৬/১৭ বছর হবে এর চেয়ে বেশি নয়। তবে কোন পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।