পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ সীমান্ত, ৮ দিনেও মেলেনি কোনো সন্ধান

জামালপুর সদর উপজেলার ঝিনাই ব্রিজ এলাকার স্কুলছাত্র সীমান্ত (১৪) নিখোঁজ হওয়ার আট দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানকে ফিরে না পাওয়ায় তার পরিবার দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ সীমান্ত মো. সুজন আলী ও শাহেদা বেগমের ছেলে। সে মেলান্দহ উপজেলার চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার জানায়, গত ১২ জুলাই বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় সীমান্ত। কিন্তু পরীক্ষা শেষে সে আর বাসায় ফেরেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়েছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও সীমান্তের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্বজনরা জানান, সীমান্তকে ফিরে পেতে তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন, কেউ যদি সীমান্তের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য।
পরিবারের সদস্যরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ছড়িয়ে দিয়ে সীমান্তকে খুঁজে পেতে সবাই সহযোগিতা করলে তারা কৃতজ্ঞ থাকবেন। পরিবারের একমাত্র প্রত্যাশা, সীমান্ত যেন দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে আসে।
















