ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও প্রাইভেট কার চালক মনিরামপুর উপজেলার রাজগঞ্জের গৌরিপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে জাহিদ হোসেন (২৫)।
দুর্ঘটনায় আহতরা হলো আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তাঁরা সবাই প্রাইভেট কারের যাত্রী।
সূত্রে জানা যায়, প্রাইভেট কারটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। মালিগ্রাম বাসস্ট্যান্ডে গ্যাস সিলিন্ডারভর্তি অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে এই প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নেওয়া হলে রাকিব নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও শিবচর হাইওয়ে থানার পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতরা ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে সংবাদ পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারের চালক ও যাত্রীদের উদ্ধার করি। এ সময় প্রাইভেট কারটি ট্রাকের পেছনে আটকে ছিল। পরবর্তী সময়ে প্রাইভেট কারটির কিছু অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করা হয়।’














